সব সংবাদ
জাতীয়

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট সফরে

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী চার দিনের সরকারি সফরে সিলেটে এসে পৌছেছেন। এই সফরে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, সামাজিক সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন এবং আদালতে হাজিরা দেবেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বুধবার (২৪ জুন ২০২৬) বিকেল ৪ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। তিনি চার দিনের সরকারি সফরে সিলেটে এসেছেন। এই সফরকালে সিলেটের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সামাজিক সহায়তা কর্মসূচিতে অংশ নেবেন মন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। কাল বৃহস্পতিবার (২৫ জুন) সকালে সিলেট আদালতে বিচারাধীন একটি মামলায় হাজিরা দেবেন তিনি। পরে বিকেলে সিলেট সদর উপজেলায় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে অনুদান বিতরণ করবেন। পরদিন শুক্রবার (২৬ জুন) জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এদিন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পাশাপাশি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ, স্বেচ্ছাধীন তহবিলের অর্থ প্রদান, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য মোবাইল টয়লেট ও সেলাই মেশিন বিতরণ করবেন। একই দিনে জাফলং এলাকায় একটি ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মানবিক সহায়তা বিতরণ, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান এবং বড়ছড়া এলাকায় একটি এইচবিবি সড়কের উদ্বোধন করার কথা রয়েছে।