ঢাকায় অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট
রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ১২তম ডিজিটাল সামিট। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবেশনা ও ওয়ালটন রেফ্রিজারেটরের সঞ্চালনায় আয়োজিত এই সামিটে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন ও বিপণন পেশাজীবী, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও প্রযুক্তিবিদরা অংশ নেন।
২১ জুন ২০২৬ তারিখে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় ১২তম ডিজিটাল সামিট। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর পরিবেশনা ও ওয়ালটন রেফ্রিজারেটরের সঞ্চালনায় আয়োজিত এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপন ও বিপণন পেশাজীবী, ব্যবসায়িক নেতৃবৃন্দ, প্রযুক্তিবিদ, যোগাযোগ বিশেষজ্ঞ এবং শিল্পসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
"রিথিংকিং ডিজিটাল – স্ট্র্যাটেজি, স্টোরি অ্যান্ড সায়েন্স" প্রতিপাদ্যে আয়োজিত এবারের সামিটে আলোচনায় উঠে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা, বদলে যাওয়া ভোক্তা প্রত্যাশা, প্ল্যাটফর্ম ডিসরাপশন এবং সৃজনশীলতা ও প্রযুক্তির ক্রমবর্ধমান সম্মিলনের মতো বিষয়। দ্রুত বদলে যাওয়া এই বাস্তবতায় প্রতিষ্ঠানগুলো কীভাবে পথ চলবে, ছিল সেই প্রশ্নই আলোচনার কেন্দ্রে।
উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সম্পাদক সাজিদ মাহবুব বলেন, "ডিজিটাল এখন আর কেবল একটি চ্যানেল বা ফাংশন নয়। এটি এখন সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠান গড়ে তোলে প্রাসঙ্গিকতা, আস্থা ও প্রবৃদ্ধি।"
এবারের সামিটে ৩টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন, ৩টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি এবং ১টি এক্সপার্ট ডিপ ডাইভ অনুষ্ঠিত হয়। কিনোট সেশনগুলো পরিচালনা করেন তানভীর ফারুক (কাজী মিডিয়া), দ্রাবির আলম (এক্স – ইন্টিগ্রেটেড মার্কেটিং এজেন্সি) এবং সালেহ ঘানায়েম (টিকটক)।
প্যানেল ও ইনসাইট সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আহসানুর রহমান (গুগল বাংলাদেশ), মুনাফ মোজিব চৌধুরী (অ্যাক্সেনটেক), সৈয়দা উম্মে সালমা ঝুমুর (ইগনিসিয়া), মাহাদী হাসান সাগর (গিকি সোশ্যাল), ইমতিয়াজ খান ইমরান (এফসিবি বিটোপি), ইয়াসিন নুর (ফাস্টকম এআই) এবং রফিউদ্দিন আহমেদ (নর্থ সাউথ ইউনিভার্সিটি)।
২০১৪ সালে যাত্রা শুরু করা ডিজিটাল সামিট এখন দেশের ডিজিটাল মার্কেটার, যোগাযোগ পেশাজীবী ও ব্যবসায়িক নেতৃবৃন্দের অন্যতম প্রভাবশালী জ্ঞান-বিনিময়ের মঞ্চ। এই সামিটের কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে অ্যালেফ গ্রুপ, বিবিএফ সিএমও ক্লাব, আইএএবি ও এএমএফ। জ্ঞান অংশীদার মার্কেটিং সোসাইটি অব বাংলাদেশ এবং অফিশিয়াল ক্যারিয়ার পার্টনার টার্কিশ এয়ারলাইনস।