কুমিল্লায় ইসলামী আন্দোলনের নেতা মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মানহানি মামলা
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট ও ভিডিও প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা করা হয়েছে। বাদী নিজেকে যুবদলের সদস্য দাবি করলেও দলটি তাঁকে চেনে না।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা করা হয়েছে। শনিবার জালাল আহমেদ খোকন তালুকদার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন। মামলায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ছাড়াও সদর দক্ষিণ এলাকার বাসিন্দা কাদের মিয়াজী ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
বাদী খোকন নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করলেও মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি যুবদলের কোনও স্তরেরই সদস্য নন এবং আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেসবুক আইডি থেকে তাঁর ছবি ব্যবহার করে তাকে 'গুপ্ত আওয়ামী লীগ নেতা' ও 'ইসলামবিদ্বেষী' আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়।
এদিকে এই মামলার প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ মামলাটিকে 'ফ্যাসিবাদের অপতৎপরতা' হিসেবে চিহ্নিত করেছেন। কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এম বিলাল হোসাইন বলেছেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তারা আইনগতভাবে এর মোকাবিলা করবেন।