নওগাঁ সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা নস্যাৎ, বিজিবির তৎপরতায় উদ্ধার ৯ জন
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থান নিয়ে এই অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে।
নওগাঁর সাপাহার আদাতলা সীমান্তচৌকি এলাকা দিয়ে ভারতের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা গতকাল ভোর চারটার সময় নয়জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করেন। এই দলে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনটি শিশু রয়েছে। খবর পেয়ে আদাতলা সীমান্তচৌকির বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে ওই নয়জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন এবং তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, অবৈধভাবে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এর আগে চলতি মাসের ৫ ও ৮ জুন পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে ৪০ জনকে পুশ ইন করার চেষ্টা করেছিল বিএসএফ।