সৌদি আরবে বিদেশিদের সম্পত্তি কেনার নতুন সুযোগ
সৌদি আরব সরকার বিদেশি নাগরিকদের জমি ও সম্পত্তি কেনার অনুমোদন দিয়েছে। এটি দেশটির অর্থনীতি বৈচিত্র্যকরণের লক্ষ্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন থেকে বিদেশিরা আবাসিক, বাণিজ্যিক, কৃষি ও শিল্প সম্পত্তি কিনতে পারবেন।
সৌদি আরব সরকার বিদেশি নাগরিকদের রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তির মালিকানাসংক্রান্ত নির্বাহী বিধিমালা অনুমোদন করেছে। এই পদক্ষেপের মাধ্যমে দেশটির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে বহুমুখী করার প্রচেষ্টা আরও ত্বরান্বিত হবে। ২৪ জুন বুধবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার সৌদি মন্ত্রিসভা ‘বিদেশি নাগরিকদের স্থাবর সম্পত্তির মালিকানা আইনের’ অনুমোদন করেছে। এই আইনে বিদেশি নাগরিক এবং কোম্পানিগুলোর সম্পত্তি কেনার জন্য নির্দিষ্ট ভৌগোলিক এলাকা নির্ধারণ করা হয়েছে। গত জানুয়ারিতে কার্যকর হওয়া একটি যুগান্তকারী আইনের ধারাবাহিকতায় এই নতুন প্রবিধানগুলো আনা হয়েছে। এখন থেকে বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানগুলো সৌদিতে আবাসিক, বাণিজ্যিক, কৃষি এবং শিল্প সম্পত্তি কিনতে পারবে। সৌদি আরবে কাজ করার লাইসেন্সপ্রাপ্ত বিদেশি সংস্থাগুলো তাদের ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় স্থাবর সম্পত্তির মালিক হতে পারবে, যার মধ্যে অফিস, কারখানা এবং গুদাম অন্তর্ভুক্ত। এটি সৌদি আরব ভিশন ২০৩০-এর অংশ হিসেবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানো এবং রিয়েল এস্টেট খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে নেওয়া পদক্ষেপ।