ইরানে গোপনে স্টারলিংক পাঠানোর পরিকল্পনা করেছিল ইসরাইল
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাহায্য করতে তিনি হাজার হাজার স্টারলিংক ডিভাইস গোপনে পাঠানোর একটি প্রক্রিয়া শুরু করেছিলেন। তবে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভুল পরিকল্পনার কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়ে যায়।
ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট অভিযোগ করেছেন যে, ইরানে গোপনে হাজার হাজার স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাঠানোর পরিকল্পনা তিনি শুরু করেছিলেন। এর উদ্দেশ্য ছিল ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম সেবা বজায় রাখতে সাহায্য করা। মঙ্গলবার (২৩ জুন) জেরুজালেমে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক নীতি সম্মেলনে বেনেট এই দাবি করেন এবং বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনাও করেন। বেনেট বলেন, তিনি ইরানে দশ হাজারেরও বেশি স্টারলিংক রিসিভার সংগ্রহ ও পাচারের একটি প্রক্রিয়া শুরু করেছিলেন। কিন্তু বর্তমান ইসরাইলি সরকার এই উদ্যোগ চালিয়ে যায়নি। ফলে যখন ইরানে বিক্ষোভ শুরু হয়েছিল, তখন প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত ছিল না। স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা এখনও ইরানে আনুষ্ঠানিকভাবে চালু নেই। তবে ইলন মাস্ক আগে বলেছিলেন, দেশটিতে এই সেবা সক্রিয় রয়েছে। নেতানিয়াহুর কার্যালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।