ঝিনাইদহে পুলিশের হাত থেকে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) রাতে কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। একই রাতে পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করে। মামলায় জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে প্রধান আসামি করা হয়েছে এবং ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ির নিচতলায় দলীয় অফিসে বসেছিলেন মোস্তাফিজুর রহমান বিজু। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার পরিকল্পনা ছিল। এ সময় পুলিশ এসে তাকে গ্রেফতার করতে চাইলে নেতাকর্মী ও এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেন। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান বিজুর ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা।