সব সংবাদ
শিক্ষা

এইচএসসি পদার্থবিজ্ঞানে উচ্চ নম্বর পাওয়ার গোপন কৌশল

পদার্থবিজ্ঞানে ভালো করতে গেলে শুধু সূত্র মুখস্থ করলেই হবে না। মূল বইয়ের সংজ্ঞা, নীতি ও ব্যাখ্যা নিখুঁতভাবে জানাও খেয়াল রাখো এবং সৃজনশীল প্রশ্নের প্রতিটি অংশের উত্তর দেওয়ার চেষ্টা করো।

এইচএসসি পরীক্ষা ২০২৬ আসন্ন। যারা ভবিষ্যতে প্রকৌশল, চিকিৎসা বিজ্ঞান বা বিশুদ্ধ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাও, পদার্থবিজ্ঞান তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে পদার্থবিজ্ঞান পড়ানো এবং এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের অভিজ্ঞতা থেকে কিছু জরুরি পরামর্শ দিচ্ছি।

পদার্থবিজ্ঞান দুটি পত্রে বিভক্ত এবং উভয় পত্রেই সমান গুরুত্ব দিতে হবে। এবার সম্পূর্ণ সিলেবাসের ওপর পরীক্ষা হবে, তাই কোনো অধ্যায় বাদ দিয়ে পরীক্ষা দিতে যাওয়া একেবারেই ঠিক হবে না। পদার্থবিজ্ঞানের মানবন্টন হলো সৃজনশীল অংশে ৫০, বহুনির্বাচনিতে ২৫ এবং ব্যবহারিক অংশে ২৫ নম্বর। আটটি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে পাঁচটির উত্তর করতে হবে।

আমি লক্ষ্য করেছি, অনেক শিক্ষার্থী গাণিতিক অংশে ভালো করলেও জ্ঞানমূলক (ক) এবং অনুধাবনমূলক (খ) প্রশ্নে ব্যর্থ হয়। মনে রাখবে, সৃজনশীল প্রশ্নের শুরুতেই পরীক্ষক যদি দেখেন তোমার প্রথম দুটি অংশের উত্তর ঠিক হয়নি, তাহলে তোমার মেধা সম্পর্কে তার মনে নেতিবাচক ধারণা তৈরি হয় এবং বাকি অংশের উত্তরেও এর প্রভাব পড়ে। তাই মূল বইয়ের গুরুত্বপূর্ণ সংজ্ঞা, নীতি ও ব্যাখ্যা খুব নিখুঁতভাবে মুখস্থ ও অনুধাবন করো।

পরীক্ষার আগে প্রতিদিন কিছু সময় পদার্থবিজ্ঞানের জন্য বরাদ্দ রাখো। টেস্ট পেপার থেকে সৃজনশীল প্রশ্নগুলো সময় ধরে খাতায় লেখার অভ্যাস করো। গাণিতিক সমস্যার সমাধান করার সময় পাশে ব্যবহৃত ধ্রুবক ও তথ্যের মান সুনির্দষ্টি এককসহ উল্লেখ করো। অনেকে এককের জায়গায় ভুল করে, যা পুরো উত্তরের মান কমিয়ে দেয়।

চিত্র অঙ্কন পদার্থবিজ্ঞানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যামিতিক আলোকবিজ্ঞান বা তড়িৎ বিজ্ঞানের মতো অধ্যায়গুলোতে স্পষ্ট সার্কিট বা রশ্মিচিত্র অঙ্কন করো এবং অবশ্যই পেন্সিল ব্যবহার করো। যে প্রশ্নের উত্তর লেখা শুরু করবে, তার চারটি অংশই পর পর শেষ করার চেষ্টা করো।

উত্তর হবে সংক্ষিপ্ত এবং সুনির্দিষ্ট। অপ্রয়োজনীয় কথা লিখে খাতার পাতা ভরানোর কোনো সুযোগ নেই। অতিরিক্ত লিখলে বাড়তি নম্বর পাওয়া যায় না, বরং শুধু সময়ের অপচয় হয়। ব্যবহারিক খাতাটি পরীক্ষার আগেই সুন্দর ও পরিচ্ছন্নভাবে প্রস্তুত করে রাখো এবং মূল সূত্র ও যন্ত্রপাতির কার্যপ্রণালি ভালো করে দেখে নাও।