সব সংবাদ
শিক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধান উভয়ই আইনের আওতায়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বুধবার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এক মতবিনিময় সভায় বলেছেন, নকলের রূপ পরিবর্তন হয়েছে তাই পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। এবার এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে এবং কেন্দ্রে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকেও বিচারের আওতায় আনা হবে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, এখন আর আগের মতো নকল নেই, তবে নকলের ধরন পরিবর্তন হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় সংসদে পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। আসন্ন এইচএসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে ডিটেনশনে বা আইনের আওতায় আনা হবে। একইসঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকল উদ্ধার হলে ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্র প্রধানকেও আইনে বিচারের আওতায় আনা হবে। মন্ত্রী আরও বলেন, নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এই সভায় ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর আক্তারুজ্জামান এবং সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।