সব সংবাদ
খেলা

বিশ্বকাপে ব্রাজিল-স্কটল্যান্ড: ইতিহাসের নতুন অধ্যায় লিখতে মাঠে নামছে দুই দল

ফ্লোরিডার মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্কটল্যান্ড। এর আগে চারবার বিশ্বকাপে দেখা হয়েছে দুই দলের, যেখানে ব্রাজিল জয় পেয়েছে তিনবার এবং একবার ড্র হয়েছে। স্কটল্যান্ড এখনো ব্রাজিলের বিপক্ষে কোনো জয় পায়নি।

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্কটল্যান্ড। ফ্লোরিডার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রাজিল চাইবে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে যেতে, অন্যদিকে স্কটল্যান্ডের লক্ষ্য থাকবে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোনো।

দুই ম্যাচ শেষে 'সি' গ্রুপের পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ। মরক্কো ও ব্রাজিলের সমান ৪ পয়েন্ট করে আছে, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে ব্রাজিল। স্কটল্যান্ডের ঝুলিতে আছে ৩ পয়েন্ট। অন্যদিকে হাইতি ইতিমধ্যেই গ্রুপ থেকে বিদায় নিয়েছে।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস স্পষ্টভাবে ব্রাজিলের পক্ষে। এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে তারা, যেখানে ৮ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল এবং বাকি দুটি ড্র হয়েছে। স্কটল্যান্ড এখনো কোনো জয়ের স্বাদ পায়নি।

বিশ্বকাপের মঞ্চেও ব্রাজিলের আধিপত্য স্পষ্ট। এর আগে চারবার দেখা হয়েছে দুই দলের। ১৯৭৪ বিশ্বকাপে গোলশূন্য ড্র হলেও পরের তিনবারই জয় পেয়েছে ব্রাজিল। ১৯৮২ সালে ৪-১, ১৯৯০ সালে ১-০ এবং ১৯৯৮ সালে ২-১ ব্যবধানে স্কটিশদের হারিয়েছিল সেলেসাওরা।

তবে একটি চিন্তাজনক তথ্য হলো, স্কটল্যান্ডের সঙ্গে একই গ্রুপে পড়া চার বিশ্বকাপের কোনোটিতেই শিরোপা জিততে পারেনি ব্রাজিল। ১৯৮২ সালে দুর্দান্ত দল নিয়েও বিদায় নিতে হয়েছিল মাঝপথে। ১৯৯০ ও ১৯৯৮ সালেও ট্রফি ছোঁয়া হয়নি। যদিও ১৯৯৮ সালে ফাইনালে উঠেছিল তারা।

দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে আছেন নেইমার ও জিকো। দুজনেরই গোল দুটি করে। সব মিলিয়ে ১০ ম্যাচে ব্রাজিল করেছে ১৬ গোল, বিপরীতে স্কটল্যান্ডের গোল মাত্র ৩টি।

দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১১ সালে। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে নেইমারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।