রোনালদোর ইতিহাসে প্রথম: ছয় বিশ্বকাপে গোল করার রেকর্ড
পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ইতিহাস রচনা করেছেন। ৪১ বছর বয়সী এই তারকা ছয়টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হয়ে গেছেন এবং পর্তুগালের বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হন।
হিউস্টনে উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫-০ গোলের বড় জয়ে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো জোড়া গোল করেন। ম্যাচের ৬ মিনিটে জোয়াও কানসেলোর ক্রস থেকে প্রথম গোল করেন রোনালদো। এই গোলের মাধ্যমে তিনি ছয়টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হন — ২০০৬ থেকে ২০২৬, দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্বকাপ মঞ্চে গোলের ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে দ্বিতীয় গোল করেন রোনালদো। এই গোলে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ১০, যার মাধ্যমে তিনি পর্তুগালের কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে দেশের সর্বোচ্চ গোলদাতা হন। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ ড্রয়ের পর রোনালদো ও পর্তুগালকে নিয়ে সমালোচনা হয়েছিল। ৪১ বছর বয়সী অধিনায়কের গোলখরা ১০ ম্যাচে পৌঁছেছিল। কিন্তু এই রাতে সব সমালোচনার জবাব দিয়েছেন রোনালদো। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি ফিরেছি, আমি ফিরেছি।' সাংবাদিকরা মেসির সাথে মুখোমুখি লড়াইয়ের বিষয়ে প্রশ্ন করলে রোনালদো বলেন, 'এটি দারুণ হবে।' তবে তুলনা নয়, তাঁর মনোযোগ পর্তুগালের পথচলায়। রোনালদো আরও বলেন, 'সপ্তাকটা কঠিন ছিল, অন্ধকার ছিল। মনে হচ্ছিল আমি যেন ফুটবল থেকে অবসর নিয়েই ফেলেছি। কিন্তু আমি সব সময়ের মতো টিকে ছিলাম, কারণ আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি।' পর্তুগালের হয়ে নুনো মেন্ডেস, রাফায়েল লেয়াওও গোল করেন। পর্তুগালের সামনে এখন কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ। এই জয় পর্তুগালকে শুধু পয়েন্টই দেয়নি, দিয়েছে স্বস্তি ও বিশ্বাস।