সব সংবাদ
খেলা

ট্রাম্প ২০২৬ বিশ্বকাপ ফাইনালে ট্রফি দেবেন জয়ী দলের হাতে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকবেন এবং জয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আনুষ্ঠানিকতায়ও অংশ নেবেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন। শুধু দর্শক হিসেবে নয়, ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়ার আনুষ্ঠানিকতাতেও তিনি থাকবেন বলে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আগামী ১৯ জুলাই নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা লড়াই। বাংলাদেশ সময়ে ম্যাচটি শুরু হবে ২০ জুলাই রাত ১টায়। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলে এবারের বিশ্বকাপ আয়োজন করছে এবং ১০৪ ম্যাচের বেশির ভাগই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। ফাইনালও যুক্তরাষ্ট্রে হওয়ায় আয়োজক দেশের প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের উপস্থিতি প্রশাসনিক ও প্রতীকী উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। এখনো পর্যন্ত কোনো বিশ্বকাপ ম্যাচে মাঠে দেখা যায়নি ট্রাম্পকে। হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি আগে জানিয়েছিলেন, ব্যস্ত সূচির কারণে এখনো মাঠে যাননি ট্রাম্প। তবে গত ডিসেম্বরে বিশ্বকাপ ড্রয়ের আগে ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল। এছাড়া গত বছর একই ভেন্যুতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির হাতে ট্রফি তুলে দেওয়ার আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন তিনি। ফাইনালের মুহূর্তে ইনফান্তিনোর পাশে থাকবেন ট্রাম্প এবং একসঙ্গে ট্রফি প্রদান করবেন বলে ফিফা সভাপতি জানিয়েছেন।