তিন বছরের অপেক্ষার পর নেইমারের প্রত্যাবর্তন, স্কটল্যান্ড ম্যাচে প্রথম দেখা মিলতে পারে
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, নেইমার এখন খেলার মতো অবস্থায় আছেন এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে। তবে তিনি শুরু থেকে খেলবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়।
ব্রাজিল সমর্থকদের দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে স্কটল্যান্ড ম্যাচে। প্রায় তিন বছর পর জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে যাচ্ছেন নেইমার। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তার প্রথম উপস্থিতি মিলতে পারে বলে জানিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
মায়ামিতে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার এখন খেলার মতো অবস্থায় আছেন এবং সপ্তাহজুড়ে ভালোভাবে অনুশীলন করেছেন। তবে তাকে একাদশে দেখা যাবে কি না এবং কত মিনিট খেলতে পারবেন, সেটি পরিষ্কার করেননি কোচ। তবে তিনি হাসি মেজাজে বলেন, সে ৯০ মিনিট খেলতে পারে, হাঁটতে হাঁটতে।
নেইমারের ব্রাজিলের হয়ে শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের ১৭ অক্টোবর, বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে বাঁ হাঁটুতে গুরুতর চোট পান তিনি — অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে যায়। দীর্ঘ পুনর্বাসন শেষে এবার বিশ্বকাপে ফিরেছেন তিনি। তবে এবারের আসরে এখনো মাঠে নামা হয়নি তার — পায়ের পেশির চোটের কারণে মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে খেলেননি।
ব্রাজিলের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্রয়ের পর হাইতির বিপক্ষে জয় পেয়ে শেষ ৩২-এর পথে এগিয়েছে দল। স্কটল্যান্ডকে হারাতে পারলে শেষ ৩২ নিশ্চিত হবে। এছাড়া রাফিনিয়াও হ্যামস্ট্রিং সমস্যায় এই ম্যাচে খেলতে পারবেন না।