সব সংবাদ
রাজনীতি

১৮ আইন কর্মকর্তার পদত্যাগকে 'রাজনৈতিক কৌশল' বলল বিএনপি

জামায়াতে ইসলামী সমর্থিত ১৮ জন আইন কর্মকর্তার একযোগে পদত্যাগকে রাজনৈতিক কৌশল আখ্যায়িত করেছে বিএনপি। তারা চার মাস বেতন-সুযোগ নিয়ে কাজ করার পর পদত্যাগ করেছেন বলে সমালোচনা করেছেন দলটির আইনবিষয়ক সম্পাদক।

সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল মঙ্গলবার একযোগে পদত্যাগপত্র জমা দেন। এরা সবাই জামায়াতে ইসলামী সমর্থিত ইসলামিক লয়ার্স কাউন্সিলের সদস্য। পদত্যাগের কারণ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল করাকে দেখানো হয়েছে।

বিএনপির আইনবিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল এই পদত্যাগকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক কৌশল আখ্যায়িত করে বলেছেন, সরকার পরিবর্তনের পরপরই তাদের পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু চার মাস ধরে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে কাজ করার পর এখন পদত্যাগ করা অনাকাঙ্ক্ষিত।

তিনি অ্যাটর্নি জেনারেলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই চার মাসে এই আইন কর্মকর্তারা সরকারের পক্ষে কাজ করেছেন, নাকি রাষ্ট্রের বিপক্ষে কোনো অন্তর্ঘাতমূলক কাজ করেছেন—তা খতিয়ে দেখা উচিত।