তালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রীর তিন দিনের সফর শুরু
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের তালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন শেষে বুধবার দুপুরে হাইস্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে এই তিন দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার গ্রেট হল অব পিপলে আনুষ্ঠানিক স্বাগত এবং দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান বুধবার স্থানীয় সময় দুপুরে হাইস্পিড ট্রেনে করে তালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন। তালিয়ানের উপ মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রেল স্টেশনে তাদের বিদায় জানান। বেইজিংয়ে পৌঁছানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর তিন দিনের রাষ্ট্রীয় সফর শুরু হবে। বৃহস্পতিবার বিকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে এবং চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। শুক্রবার গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃবৃন্দও তার সাথে সাক্ষাৎ করবেন। এর আগে প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস সিঙ্গির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সন্ধ্যায় 'ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ' শীর্ষক সেশনে বক্তব্য দেন। বুধবার সকালে তারা 'অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স' এর প্লেনারি সেশনে যোগ দেন। প্রধানমন্ত্রী রবি ও সোমবার মালয়েশিয়ায় প্রথম বিদেশ সফর সম্পন্ন করে সোমবার বিকালে তালিয়ানে পৌঁছান ছিলেন।