সব সংবাদ
রাজনীতি

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা

চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে গ্রেপ্তারের পরদিন এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। পুলিশ তাকে সাতকানিয়া থেকে গ্রেপ্তার করেছিল। পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাকে মিথ্যা মামলায় ফঁসানো হয়েছে।

চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে মঙ্গলবার সন্ধ্যায় আনা এক যুবলীগ নেতা বুধবার সকালে মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসকরা। নিহত নুরুল আলম সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সাতকানিয়া থানার একটি মামলায় মঙ্গলবার দুপুরে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর সন্ধ্যায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, বুধবার সকালে নুরুল আলম শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং বুকে ব্যথা অনুভব করছিলেন। তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী, নুরুল আলমের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নুরুল আলমের বড় ভাই নূর মোহাম্মদ অভিযোগ করেছেন, তার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। কেরানীহাটে একটি জমি নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে বিরোধ ছিল। সেই বিরোধের জেরে যুবলীগ ট্যাগ ব্যবহার করে তাকে গ্রেপ্তার করানো হয়েছে। তিনি বলেন, গ্রেপ্তারের সময় তার ভাই সুস্থ ছিলেন। এখন তিনি সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং অভিযোগ করেছেন যে তার ভাইকে হত্যা করা হয়েছে।