সব সংবাদ
খেলা

বিশ্বকাপে রোনালদোর রেকর্ড গড়া পারফরম্যান্স, মেসি প্রশ্নে সাংবাদিককে থামিয়ে দিলেন

উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ম্যাচে তিনি ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েন এবং কিংবদন্তি ইউসেবিওর ৯ গোলের রেকর্ড ভেঙে দেন। তবে সংবাদ সম্মেলনে মেসির প্রশ্ন শুনে তিনি প্রত্যাখ্যান করে বলেন, পছন্দ না হলে উত্তর দেবেন না।

বিশ্বকাপে ‘কে’ গ্রুপে উজবেকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদো ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ড গড়েন। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোল করে পর্তুগালের হয়ে নিজের বিশ্বকাপে মোট গোলসংখ্যা ১০-এ নিয়ে যান তিনি। এতে তিনি ভেঙে দেন কিংবদন্তি ইউসেবিওর ৯ গোলের দীর্ঘদিনের রেকর্ড। প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে সমালোচনার মুখে পড়েছিলেন রোনালদো। হিউস্টনে সেই সমালোচনার জবাব তিনি দিয়েছেন মাঠের পারফরম্যান্সেই। ম্যাচ শেষে উচ্ছ্বসিত রোনালদো ক্যামেরার সামনে চিৎকার করে বলেন, ‘আই অ্যাম ব্যাক’ (আমি ফিরে এসেছি)। পরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সপ্তাহটা খুব কঠিন ছিল। মনে হচ্ছিল, অনেকে আমাকে অবসরে পাঠিয়ে দিতে চায়। কিন্তু আমি নিজের পরিশ্রমে বিশ্বাস করি এবং কখনো হাল ছাড়িনি।’ সাক্ষাৎকারের একপর্যায়ে স্প্যানিশভাষী এক সাংবাদিক লিওনেল মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করতে গেলে রোনালদো তাকে প্রশ্ন শেষ করার সুযোগই দেননি। তিনি মুখ ঘুরিয়ে অন্য সাংবাদিককে প্রশ্ন করার ইঙ্গিত দেন। কিছুক্ষণ পর আরেক সাংবাদিক প্রশ্ন করার অনুমতি চাইলে রোনালদো সোজাসাপ্টা জবাব দেন, ‘সেটা আপনার প্রশ্নের ওপর নির্ভর করছে। পছন্দ না হলে আমি উত্তর দেব না।’ বর্তমান বিশ্বকাপে দুই ম্যাচে পাঁচ গোল করা মেসি দুর্দান্ত ছন্দে থাকলেও, পর্তুগালের এই জয়োৎসবের রাতে তাকে নিয়ে আলোচনা করতে আগ্রহী ছিলেন না রোনালদো। তবে ভবিষ্যতে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এমনটা হলে অবশ্যই দারুণ হবে।’ উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়ে পর্তুগাল এখন চার পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে রয়েছে। আগামী ম্যাচে তাদের সামনে গ্রুপপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচ জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা করে নেবে রবার্তো মার্তিনেজের দল।