সব সংবাদ
স্বাস্থ্য

দীর্ঘ ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, ২৮ জুন সারাদেশে

আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাপসুল সংকটের কারণে গত বছরের মার্চের পর থেকে এই ক্যাম্পেইন বন্ধ ছিল। এবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আবারও দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইন চলবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী এ তথ্য জানিয়েছেন।

এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য লাল রঙের ক্যাপসুল প্রদান করা হবে।

ক্যাম্পেইন বাস্তবায়নের জন্য ১ লাখ ২০ হাজার নিয়মিত কেন্দ্র এবং ৫০০টি মোবাইল কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। দুর্গম অঞ্চলে আরও চারদিন ধরে শিশু থেকে শিশু সার্চিং কার্যক্রম চালানো হবে।

২৮ জুন সকালে রাজধানীতে শাহবাগের আবু সাঈদ কনভেশন সেন্টারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, ক্যাপসুল সংকটের কারণে গত বছরের মার্চ মাসের পর থেকে এই ক্যাম্পেইন বন্ধ ছিল। এখন পুনরায় ক্যাম্পেইন শুরু হচ্ছে। ভিটামিন ‘এ’ শিশুদের অন্ধত্ব প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।