অভিনেত্রী রাকুল প্রিতের ৪০ দিনের শয্যাশায়ী জীবনের গল্প
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রিত সিং জিমে ৮০ কেজি ডেডলিফট করার সময় নিরাপত্তা বেল্ট ব্যবহার না করায় গুরুতর আঘাত পান। এই ভুলের কারণে তাঁর স্নিপড ডিস্ক হয় এবং ৪০ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে হয়।
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী রাকুল প্রিত সিং ফিটনেস সচেতন তারকাদের মধ্যে অন্যতম। তিনি নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য ভক্ত-অনুরাগীদের কাছে বেশ পরিচিত। কিন্তু সম্প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে একটি ছোট ভুল তাঁকে বড় বিপদের মুখে ফেলে দিয়েছে।
সম্প্রতি একটি চ্যাট শোতে অংশ নিয়ে রাকুল প্রিত সিং তাঁর ভয়াবহ ফিটনেস দুর্ঘটনার কথা প্রকাশ করেছেন। তিনি জানান, জিমে ৮০ কেজি ডেডলিফট করার সময় নিরাপত্তা বেল্ট ব্যবহার না করায় কোমরে বেশ চোট পান। সেই আঘাত এতটাই গুরুতর ছিল যে, তাঁকে টানা ৪০ দিন বিছানায় থাকতে হয়েছিল।
অভিনেত্রী আরও বলেন, তিনি সাধারণত ডেডলিফট করার সময় নিরাপত্তা বেল্ট ব্যবহার করতেন। কিন্তু দুর্ঘটনার দিন সেটি পরেননি। আর সেই একটি ভুলই তাঁর জীবনে বড় ধরনের ভোগান্তি ডেকে এনেছে। সেই এক ভুলের কারণে তাঁর স্নিপড ডিস্ক হয়েছিল এবং ৪০ দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হয়েছিল।
রাকুল বলেন, এটি শুধু শারীরিক আঘাত ছিল না, মানসিকভাবেও তাঁকে ভীষণভাবে প্রভাবিত করেছিল। হঠাৎ করেই তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারছিলেন না। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপও তাঁকে ভেঙে দিচ্ছিল। সক্রিয় জীবনযাপনে অভ্যস্ত একজন মানুষের জন্য দীর্ঘ সময় শয্যাশায়ী থাকা অত্যন্ত কঠিন।
এই কঠিন সময়ে পাশে থাকার জন্য স্বামী জ্যাকি ভগ্নানির প্রশংসাও করেন রাকুল। এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল— ৮০ কেজি ওজন তোলার সময় প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা না থাকায় রাকুলের কোমরের নিচের অংশে গুরুতর আঘাত লাগে। এতে তাঁর স্নায়ুতন্ত্রেও চাপ সৃষ্টি হয়েছিল। চোট পাওয়ার পরও তিনি কিছু দিন ব্যথানাশক ও পেশি শিথিলকারী ওষুধের সাহায্যে পেশাগত কাজ চালিয়ে যান। তবে পরে চিকিৎসকদের পরামর্শে তাঁকে সম্পূর্ণ বিশ্রামে যেতে হয়।
সম্প্রতি রাকুল প্রিত সিং অভিনীত রোমান্টিক কমেডি সিনেমা 'পতি পত্নি অউর ও দো' মুক্তি পেয়েছে।