সব সংবাদ
অর্থনীতি

বাজুসের সিদ্ধান্ত: সোনার দাম ভরিতে হ্রাস পেল ৫ হাজার ৪৮২ টাকা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন সোনার দাম কার্যকর করেছে। এতে ভ্যাটসহ স্বর্ণালংকারে প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। পাশাপাশি রুপার দামও কমেছে।

দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, দেশে তেজাবি সোনা ও রুপার দাম কমেছে। এই অবস্থায় বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।

নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

সোনার দামের সাথে কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা।