চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন। 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' শীর্ষক এই সেশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধানরা উপস্থিত ছিলেন।
বুধবার (২৪ জুন) চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশন শুরু হয়। 'বিস্তৃত পরিসরে উদ্ভাবন' প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত এই সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। সেশনের উদ্বোধনী বক্তব্য দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এই সেশনে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশ নেন। সেশনের পাশাপাশি প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। এছাড়া বিরতিতে বিশ্বনেতারা একটি ফটোসেশনে অংশ নেন।