নওগাঁ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় আটকে ৯ বাংলাদেশি
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৯ জন বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছে। তবে বিজিবির তৎপরতায় তারা সফল হয়নি। ঘটনাস্থলে পৌঁছে বিজিবি টহল দল তাদের শনাক্ত করে এবং সীমান্তের শূন্যরেখায় আটকে দেয়।
নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৯ জন বাংলাদেশিকে পুশইন করার চেষ্টা করেছে। বুধবার (২৪ জুন) ভোর ৪টার দিকে উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। এর মধ্যে রয়েছে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ শিশু।
খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাঁধা দেয়। বর্তমানে ওই ৯ জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল ইসলাম মাসুম জানিয়েছেন, ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।