কিম জং উনের নতুন ঘোষণা: উত্তর কোরিয়ার নৌবাহিনী হচ্ছে পারমাণবিক শক্তির অস্ত্রাগার
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের নৌবাহিনীকে সম্পূর্ণ পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা দিয়েছেন। একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান বিশ্বের ক্রমবর্ধমান অস্থির পরিস্থিতিতে পারমাণবিক শক্তি বৃদ্ধি করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন বুধবার (২৪ জুন ২০২৬) একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন যে, দেশের নৌবাহিনীকে পূর্ণাঙ্গভাবে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা সঠিক পথে এগোচ্ছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে। সম্প্রতি শেষ হওয়া ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির বৈঠকে কিম জং উন বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর সামরিক চাপ ও হুমকির কারণে পিয়ংইয়ংকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে হচ্ছে। তিনি যুদ্ধজাহাজগুলোকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা, উন্নত অস্ত্র উৎপাদনের গতি দ্বিগুণ করা এবং দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার ব্যাপকভাবে সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছেন। চলতি বছর উত্তর কোরিয়া তাদের নতুন ৫ হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে। কিম জং উন আরও ঘোষণা দিয়েছেন, আগামী পাঁচ বছর ধরে প্রতিবছর অন্তত দুটি করে আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ করা হবে এবং সাবমেরিন বহর গড়ে তোলার কাজও জোরদার করা হবে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা এতটাই বিস্তৃত ও ছড়িয়ে রয়েছে যে, একক কোনো সামরিক হামলার মাধ্যমে সেটি পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়।