সব সংবাদ
বিনোদন

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে এবার সংগীতশিল্পী হচ্ছেন আনসু ফাতি

বার্সেলোনার সাবেক প্রতিভাবান ফরোয়ার্ড আনসু ফাতি স্পেনের বিশ্বকাপ দলে জায়গা পাননি। এরই মধ্যে তিনি ফুটবল ছেড়ে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সম্প্রতি তিনি নিজের প্রথম একক গান প্রকাশ করেছেন।

২৩ বছর বয়সি আনসু ফাতি একসময় বার্সেলোনার ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে বিবেচিত হতেন। লামিনে ইয়ামালের আগমনের আগ পর্যন্ত তাকে ক্লাবটির সবচেয়ে প্রতিভাবান তরুণ হিসেবে দেখা হতো। কিন্তু সময়ের সাথে সাথে তার পারফরম্যান্সে পতন ঘটে। ফর্ম হারিয়ে ধীরে ধীরে মূল দলে জায়গা হারান এই স্প্যানিশ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত তাকে নিয়মিত খেলার সুযোগ পেতে বার্সেলোনা ছেড়ে ধারে ব্রাইটন ও পরে এএস মোনাকোয় যেতে হয়। বর্তমান অবস্থার কারণে স্পেনের বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা হয়নি ফাতির। এই পরিস্থিতিতে তিনি ফুটবলকে দূরে ঠেলে সংগীতশিল্পী হিসেবে নতুন যাত্রা শুরু করেছেন। সম্প্রতি নিজের একক গান 'Sea Como Sea' প্রকাশ করেছেন ফাতি, যা স্প্যানিশ ভাষায় রচিত। গানের রেকর্ডিং ও মিউজিক ভিডিওর শুটিং হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। সংগীত ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মিউজিক ব্রোকার্সের সাথে একটি বৈশ্বিক বিতরণ চুক্তি করেছেন ফাতি, যা সনি মিউজিকের সহযোগী প্রতিষ্ঠান। এর মাধ্যমে তিনি বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা প্রথম খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক গান প্রকাশ করলেন। ২ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানে আফ্রোবিটস, রেগেটন এবং অ্যামাপিয়ানো সঙ্গীতধারার মিশ্রণ রয়েছে। ফাতির জন্মস্থান গিনি-বিসাউয়ের সঙ্গীত প্রভাব, স্পেনের আন্দালুসিয়ায় বেড়ে ওঠার অভিজ্ঞতা এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় অ্যামাপিয়ানো ধারার ছাপ এই গানে ফুটে উঠেছে। ফাতির সংগীতচর্চার শুরু হয়েছে বেশ আগেই। ২০২০ সালে করোনাকালে গুরুতর হাঁটুর চোটে দীর্ঘ পুনর্বাসনের সময় তিনি গান লেখা শুরু করেন। এএস মোনাকোয় যোগ দেওয়ার পর স্টুডিওতে নিয়মিত সময় কাটাতে থাকেন এবং ধীরে ধীরে এই ইচ্ছাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেন। নিজের গান সম্পর্কে ফাতি বলেছেন, 'অনেক মানুষ মনে করেন, তারা আমার গল্প জানেন। কারণ তারা আমাকে গোল করতে দেখেছেন। কিন্তু এই গান তাদের সামনে আমাদের জীবনের আরেকটি দিক তুলে ধরবে। বিশ্বকাপ চলাকালীন গান প্রকাশ করা পরিকল্পিত ছিল না। বরং এটি আমার বর্তমান জীবনেরই একটি অংশ।' ফুটবল ও সংগীত—দুই জগৎকেই ফাতি সমানতারে এগিয়ে নিতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তার এই নতুন যাত্রা এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো জানিয়েছে, এএস মোনাকোতে পাকাপাকিভাবে থেকে যাচ্ছেন ফাতি। ফরাসি লিগ আঁ-এর ক্লাবটি শিগগিরই তাকে বার্সেলোনার কাছ থেকে ছাড়িয়ে নেবে।