সব সংবাদ
বিনোদন

অভিনেতা যাহের আলভীর ১০ দিনের রিমান্ড শুনানি বুধবার

ঢাকার মিরপুরে স্ত্রী ইকরার ঝুলন্ত লাশ উদ্ধারের মামলায় অভিনেতা যাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর বাসায় সিলিং ফ্যানে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ইকরার মৃতদেহ উদ্ধার করা হয়।

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের মামলায় ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর ১০ দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি হবে বুধবার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম।

গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আলভী। তবে আদালত সেদিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ২১ জুন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের ইন্সপেক্টর আব্দুল মালেক তার রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন রিমান্ড শুনানির দিন রাখেন বুধবার।

রিমান্ডের আবেদনে বলা হয়, ইকরাকে উদ্দেশ্যে করে যাহের আলভী অপমানসূচক ও উস্কানিমূলক কথাবার্তা লিখে তার ফেইসবুকে পোস্ট করত। আসামি বিবাহিত হওয়া সত্ত্বেও গত ২৭ ফেব্রুয়ারি তিনি পরনারীর সঙ্গে ছবি সংযুক্ত করে উস্কানিমূলক কথাবার্তা লিখে তার ফেইসবুকে পোস্ট করে। মামলার মূল রহস্য উদঘাটনসহ অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার, শনাক করা ও আসামির স্থায়ী ঠিকানা উদঘাটনের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।

গত ৪ জুন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে যাহের আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের বাসায় বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এদিকে ইকরার আত্মহত্যার পর ওই রাতেই মামলা করেন বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি।