সিদ্ধিরগঞ্জের ডোবা থেকে নিখোঁজ বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ডোবা থেকে ৭৫ বছরের বৃদ্ধ মোক্তার হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ১১ দিন পর তার লাশটি একটি ইলেকট্রনিক্স দোকানের কাঠের পাটাতনের নিচে থেকে উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার দুপুরে গোদনাইল আরামবাগ এলাকায় একটি ডোবা থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। নিহত মোক্তার হোসেন (৭৫) ওই এলাকার বাসিন্দ ছিলেন। পুলিশ জানায়, স্থানীয়রা মেহেদী হাসানের মালিকানাধীন 'ইমন ইলেকট্রনিক্স' দোকানের কাঠের পাটাতনের নিচে ডোবার ভেতরে লাশটি দেখতে পান এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরিবারের বক্তব্য, মোক্তার হোসেন গত ১২ জুন বিকালে আসরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবার আরও জানায়, কিছুদিন আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন এবং বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ ধারণা করছে, লাশের অবস্থা দেখে প্রায় ১০ থেকে ১১ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি নারায়ণগঞ্জ সরকারি (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।