মেসির প্রশ্ন এড়িয়ে আর্জেন্টিনার বিপক্ষে খেলার আশা রোনালদোর
উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে ইতিহাস গড়ার পর সাংবাদিকের মেসি প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো। তবে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি। এই ম্যাচের আগে কঙ্গোর বিপক্ষে দুর্বল পারফরম্যান্সের সমালোচনার মধ্যে পড়েছিলেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকা।
উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এই ম্যাচে জোড়া গোল করে তিনি টানা ছয়টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন, যা ফুটবল ইতিহাসে একমাত্র কৃতিত্ব। এছাড়া বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো (১০টি), তিনি কিংবদন্তি ইউসেবিওর ৯ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এক স্প্যানিশ সাংবাদিক লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের ফর্ম নিয়ে প্রশ্ন করতেই রোনালদো ক্ষুদ্ধ হয়ে যান। কোনো উত্তর না দিয়ে মুখ ফিরিয়ে নেন এবং অন্য সাংবাদিককে প্রশ্ন করার ইশারা করেন। পরে তিনি বলেন, ‘প্রশ্নের ওপর নির্ভর করবে আমি উত্তর দেব কি না।’
তবে আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে রোনালদো বলেন, ‘এটা এখন ভাবার সময় নয়, তবে হ্যাঁ, যদি এমনটা ঘটে তবে সেটি হবে দুর্দান্ত।’
এর আগে কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ ড্র করেছিল পর্তুগাল, যেখানে রোনালদোর পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। ম্যাচ শেষে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি চিৎকার করে বলেছিলেন, ‘আমি ফিরে এসেছি।’ এই সময় নিয়ে রোনালদো বলেন, ‘এটি একটি কঠিন ও অন্ধকার সপ্তাহ ছিল। মনে হচ্ছিল আমি যেন ফুটবল থেকেই হারিয়ে গেছি। কিন্তু আমি লড়ে গেছি, কারণ আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি।’