শ্রীলঙ্কায় ডেঙ্গু সংকট: মশা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন
শ্রীলঙ্কায় দ্রুত বাড়তে থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে সরকার সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন এক হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় এবং মৃত্যু বাড়তে থাকায় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কাজুড়ে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে ভয়াবহ রূপ নিচ্ছে। সরকার এই সংকট মোকাবিলায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের নিয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে। প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকের কার্যালয় মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এই বাহিনীর প্রধান দায়িত্ব হবে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা। সাম্প্রতিক বন্যা, ভারী বৃষ্টিপাত এবং বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে জমে থাকা বর্জ্যের কারণে মশার বংশবিস্তার দ্রুত বেড়েছে। বুধবার থেকে দেশজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান শুরু করার ঘোষণা দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরে শ্রীলঙ্কায় প্রায় ৫০ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। জুন মাস থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে। তবে বর্তমান পরিস্থিতি ২০১৭ সালের ভয়াবহ ডেঙ্গু প্রাদুর্ভাবের তুলনায় কম গুরুতর — ওই বছর এক লাখ ৮৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছিলেন এবং ৪৪০ জনের মৃত্যু হয়েছিল। জাতীয় ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিট আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পলে হাসপাতালগুলোর পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।