সব সংবাদ
জাতীয়

বগুড়ায় স্বাচিপ সভাপতি ডা.মিশু গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বগুড়া সদর থানার একটি মামলায় এজাহারভুক্ত আসামি।

বগুড়ার শেরপুর উপজেলার মকটেল হোটেলে একটি পারিবারিক জন্মদিনের অনুষ্ঠান থেকে পুলিশ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সভাপতি ডা. সামির হোসেন মিশু (৫৮)-কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ডা. মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা এবং মরহুম ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্বাচিপ বগুড়া জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় শেরপুর উপজেলার মকটেল হোটেলে জন্মদিনের উৎসব চলাকালীন তাকে আটক করা হয়। তিনি বগুড়া সদর থানার মামলা নং-৭৭ (অক্টোবর ২০২৫) এর এজাহারভুক্ত আসামি। উক্ত মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ৩২৩, ৩২৬, ৩০৭, ১১৪, ১০৯ ও ৩৪ ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩, ৫ ও ৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন জানিয়েছেন, মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।