পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
ঢাকার খিলক্ষেতে পরকীয়া সম্পর্কের জেরে এক গৃহবধূকে নির্মমভাবে হত্যা করেছে তার স্বামী। মঙ্গলবার রাতে ধারালো চাকু দিয়ে স্ত্রীর পেটে ও গলায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ অভিযুক্ত স্বামী আমিনুলকে (৪৪) আটক করেছে।
খিলক্ষেত থানার ৩০০ ফিট সংলগ্ন নামাপাড়া এলাকায় মঙ্গলবার (২৩ জুন) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল পেশায় একজন রিকশাচালক। তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রিকশা চালাতেন এবং দিনাজপুর জেলায় তাদের স্থায়ী বাড়ি। পরিবারে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও স্ত্রীর পরকীয়া নিয়ে মনোমালিন্য চলআসছিল। এই ক্ষোভের জেরে ওই রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে আমিনুল ধারালো চাকু দিয়ে স্ত্রীর ওপর হামলা চালান। তিনি স্ত্রীর পেটে দুটি এবং গলায় দুটি মারাত্মক আঘাত করেন। চাকুর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় খিলক্ষেত থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামীকে আটক করতে সক্ষম হয়। খিলক্ষেত থানার ওসি (তদন্ত) আশিকুর রহমান জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।