সব সংবাদ
রাজনীতি

রিজভীর অভিযোগ: প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে দেশে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে দেশে নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তিনি বলেছেন, জাতীয়তাবাদী সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। এছাড়া চলতি বাজেটে সফটওয়্যার ও আইটি খাতে 'ওয়ান সিটিজেন, ওয়ান আইডি' এবং 'ওয়ান ডিজিটাল, ওয়ান ওয়ালেট' নীতি ঘোষণা করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তার প্রথম বিদেশ সফরে যাচ্ছেন এবং আগামীকাল দুটি দেশ সফর করবেন। কিন্তু এই সফরকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উসকানি এবং নেতিবাচক পরিবেশ-পরিস্থিতি তৈরির প্রচেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন। গতকাল রাজধানীর রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: চ্যালেঞ্জ, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বহুদিন সংগ্রামের মধ্য দিয়ে নির্বাচিত সরকার এসেছে। যেহেতু সরকারের নামের আগে জাতীয়তাবাদী শব্দ আছে, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সঙ্গে সম্পর্কিত, তাই এই সরকার এমন কিছু করবে না যাতে স্বাধীনতা বা সার্বভৌমত্ব বিপন্ন হয়। সুতরাং এই সরকারকে অনেক চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগোতে হবে। তিনি আরও বলেন, দেশের স্বার্থে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আমাদের কেউ শত্রু নেই, কেউ প্রভুও নেই। সকলেই আমাদের বন্ধু। এটি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘোষিত নীতি। সেই নীতির ওপর ভিত্তি করেই বর্তমান সরকারপ্রধান তার কর্মকাণ্ড পরিচালনা করছেন। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও বিশ্বের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য শক্তিশালী পররাষ্ট্রনীতি প্রয়োজন। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী আগামীকাল দুটি দেশ সফরে যাচ্ছেন। এই সফরকে কেন্দ্র করে দেশে নানাভাবে বিভিন্ন ধরনের উসকানির ইঙ্গিত পাচ্ছে বলেও তিনি জানান। রিজভী আরও বলেন, চলতি বাজেটে সফটওয়্যার ও আইটি খাতকে কেন্দ্র করে 'ওয়ান সিটিজেন, ওয়ান আইডি' এবং 'ওয়ান ডিজিটাল, ওয়ান ওয়ালেট' নীতি ঘোষণা করা হয়েছে। এটি সরকারের ঘোষিত নীতি, যেখানে বলা হয়েছে পৃথিবীর অন্য কোনো দেশের মডেল থেকে নয়, বরং আমরা পুরো রাষ্ট্রব্যবস্থাটাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি কাঠামোর মধ্যে নিয়ে আসব। সেমিনারে আরও বক্তব্য দেন এনসিএফটির সভাপতি ইঞ্জিনিয়ার রাফায়েল কবির, উপদেষ্টা ডা. মারুফ মল্লিক ও ডা. শাহ জেড মিয়া প্রমুখ।