সব সংবাদ
রাজনীতি

নিরাপত্তা বাহিনীর কঠোর অভিযানে ভেস্তে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা

আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়ে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা ভেস্তে করেছে বলে দাবি করেছে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। রাজধানীসহ সারা দেশে চেকপোস্ট বসিয়ে ও গ্রেফতার অভিযান চালিয়ে ৫৭ জনকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে নেতাকর্মীদের মাধ্যমে নাশকতা ও অপতৎপরতা ঠেকিয়ে দিয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) রাজধানীসহ সারা দেশে দিনভর কঠোর অবস্থানে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। নেতাকর্মীদের ঝটিকা মিছিলসহ সব ধরনের নাশকতা রুখে দিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে বসানো হয়েছিল চেকপোস্ট। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর নাম করে নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে তারা বেশি সুবিধা করতে পারেনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর করা এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইছে। তাদের এই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিন দিন ধরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। মোবাইল প্যাট্রোল, সাদা পোশাকে টহলের সংখ্যা বাড়ানো হয়। বাইরের জেলাগুলো থেকে রাজধানীতে আসার পরিকল্পনা ঠেকাতে ঢাকার প্রবেশমুখ, ট্রেন স্টেশন, বাস স্টেশনসহ সব জায়গায় নজরদারি বাড়ানো হয়। ধানমন্ডি ও গুলিস্তানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ছিল। ধানমন্ডি-৩২, ধানমন্ডি-৩ এবং গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয় এলাকায় বড় নাশকতার শঙ্কা ছিল। তবে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত রাজধানীসহ দেশের কোথাও বড় ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে বিশেষ অভিযান চালানো হয়। ঢাকা মহানগরে ২৭ জন, নারায়ণগঞ্জে ১৭ জন, গোপালগঞ্জে ৬ জন, রংপুরে ২ জন, বগুড়ার শিবগঞ্জে ২ জন, পিরোজপুরের ভান্ডারিয়ায় ১ জন, ময়মনসিংহের ফুলপুরে ২ জন এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত ৫৭ জনকে আটক বা গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।