চীনের সাথে ১৫ থেকে ১৭টি চুক্তি সই হতে পারে
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে। এছাড়া তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। মালয়েশিয়া সফর হবে ২১-২২ জুন এবং চীন সফর হবে ২৩-২৬ জুন। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম সংবাদ সম্মেলনে জানান, চীন সফরে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হতে পারে। আলোচনার বিষয় হবে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ। এই সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রসচিব। চীন সফরের প্রথম দিন ২৩ জুন দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২৪ জুন সামার দাভোসে ফোরামের মূল উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। ২৫ জুন বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী ও চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন। বিকেলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন। ২৬ জুন সকালে জাতীয় গণপ্রতিনিধি সম্মেলনের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাউ লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং পরে প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এই সফরে বাংলাদেশ চীনের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা চীনের কাছে প্রায় ৬ বিলিয়ন ডলার অর্থায়ন চাইতে পারে বিভিন্ন অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের জন্য।