মাদরাসা শিক্ষার মাধ্যমে সৎ ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে সংকট কাটানো সম্ভব: জয়নুল আবেদীন
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন বলেছেন, বর্তমান সংকটের মূল কারণ অযোগ্যতা ও অদক্ষতা। মাদরাসা শিক্ষার মাধ্যমে নৈতিক ও দক্ষ মানবসম্পদ তৈরি করে এই সংকট থেকে উত্তরণ সম্ভব। ২৩ জুন মাদরাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেছেন, 'আজকের বাংলাদেশের যে নানাবিধ সংকট, তা মূলত অযোগ্যতা ও অদক্ষতার ফসল। আমরা দৃঢ়ভাবে মনে করি, বাংলাদেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই নৈতিক, সৎ ও দক্ষ মানবসম্পদ তৈরি করে এই সংকট থেকে উত্তরণ সম্ভব।' মঙ্গলবার ২৩ জুন সকাল ৯ টায় ঢাকার মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে মাদরাসার ফকীহ মুফতী মাওলানা শরিফুল ইসলাম সুলতানী এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নুল আবেদীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, গভর্নিং বডির সভাপতি প্রফেসর নুর নবী মানিক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম'র পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেম, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাওলানা রফিকুল রহমান মাদানী, স্কলার্স ফোরাম ঢাকার পরিচালক হাফেজ দেলাওয়ার হোসাইন এবং ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। মাদরাসার অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, 'তোমাদের হাতে সময় আর বেশি নেই। যে কদিন আছে, তার সর্বোচ্চ সঠিক ব্যবহার করতে হবে। তোমরা দেশসেরা ফলাফল উপহার দিয়ে তোমাদের পরিবার, সমাজ ও দেশ গঠনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে।' প্রধান বক্তা নুরুল ইসলাম সাদ্দাম পরীক্ষার্থীদের নৈতিকতা ও যোগ্যতার সমন্বয়ে আদর্শ নাগরিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'তামিরুল মিল্লাত সব সময়ই মেধার স্বাক্ষর রেখে এসেছে। আজকের সংকটময় বিশ্বে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে সমাজ পুনর্গঠনে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।' শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন, 'ভালো ফলাফল করার জন্য সর্বাগ্রে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে। যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারো, তবে ভালো রেজাল্ট হবেই ইনশাআল্লাহ।' গভর্নিং বডির সভাপতি নুর নবী মানিক বলেন, 'তামিরুল মিল্লাত শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার কারিগর। আমাদের শিক্ষার্থীরা এবারও মেধার শীর্ষস্থান ধরে রাখবে।' ছাত্রসংসদের ভিপি তোফায়েল আহমেদ বলেন, 'পড়াশোনার পাশাপাশি আল্লাহ তাআলার সাথে আমাদের সবার সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হলে আমরা জীবনের সকল কাজে সফলতা অর্জন করতে পারবো।' অনুষ্ঠানের শেষে ড. মাওলানা রফিকুল ইসলাম মাদানী পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।