রংপুরে সড়ক অবরোধ করে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার সাকিনের মুক্তির দাবি
রংপুরে এক কলেজছাত্রীর ছাদ থেকে পড়ে মৃত্যুর ঘটনায় মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহম্মেদ সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তারা সাকিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার প্রতিবাদ জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
রংপুরে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় প্ররোচণার অভিযোগে মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহম্মেদ সাকিনকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন মেডিকেল শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) রাত ৯টার দিকে মেডিকেল মোড়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক করে শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচি পালন করে। প্রায় ঘণ্টাখানেক এ অবরোধের কারণে সড়কের দুইপাশে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন। এর আগে, রংপুর কেন্দ্রীয় কারাগার-সংলগ্ন মেডিকেল মোড়ে রংপুর-দিনাজপুর মহাসড়কে অবস্থান নেন কলেজের শত শত শিক্ষার্থী। এ সময় তারা সড়ক অবরোধ করে সাকিনের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ একতরফা মিথ্যা অভিযোগের ভিত্তিতে মেধাবী মেডিকেল শিক্ষার্থী শাহরিয়ার আহম্মেদ সাকিনকে গ্রেপ্তার করেছে। অথচ এ অভিযোগের কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি। শুধু প্রাইভেট টিউটর হওয়ার কারণে হোটেলের ছাদ থেকে পড়ে গিয়ে কলেজছাত্রীর মৃত্যু অথবা আত্মহত্যার সঙ্গে সাকিনকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এ সময় বিভিন্ন গণমাধ্যমে সাকিনের গ্রেপ্তারের ছবি প্রকাশ করারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।