১০০ বছরের 'গ্যাংস্টার গ্র্যানি' মেসিকে বিয়ে চাইলেন!
আর্জেন্টিনার হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালে ডালাসের স্টেডিয়ামে হাজির হন ১০০ বছর বয়সী পউলিনে কানা। সোশ্যাল মিডিয়ায় 'গ্যাংস্টার গ্র্যানি' নামে পরিচিত এই নারী মেসির প্রতি তাঁর ভালোবাসা জানাতে '১০০ বছর বয়সী মেসি ভক্ত' লেখা প্ল্যাকার্ড হাতে নেন।
ফুটবলের জনপ্রিয়তায় বয়সের কোনো বাধা নেই — এটাই আবারও প্রমাণ করলেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির ১০০ বছর বয়সী এক ভক্ত। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ চলাকালে ডালাসের স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যান পউলিনে কানা নামে এই শতবর্ষী নারী। সাদা চুল, গায়ে আর্জেন্টিনার জার্সি এবং হাতে '১০০ বছর বয়সী মেসি ভক্ত' লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে তিনি উপস্থিত হন, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
পউলিনে কানা শুধু মেসির একজন সাধারণ ভক্ত নন, সোশ্যাল মিডিয়ায় তিনি 'গ্যাংস্টার গ্র্যানি' নামে বেশ পরিচিত। টিকটকে তাঁর প্রায় আড়াই কোটি অনুসারী। পাশাপাশি ইউটিউব ও ইনস্টাগ্রামেও তাঁর বড় অনুসারীভিত্তি রয়েছে। এর আগে ইন্টার মিয়ামির একটি ম্যাচে গ্যালারিতে উপস্থিত হয়ে তিনি হাতে পোস্টার ধরেছিলেন যেখানে লেখা ছিল — 'মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?'
ম্যাচে মেসি নিজের শক্তি দেখান। শুরুতে একটি পেনাল্টি মিস করলেও পরে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৩৮তম মিনিটে প্রথম গোল এবং শেষ মুহূর্তে দ্বিতীয় গোল করেন তিনি। এই দুই গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ১৮ গোল নিয়ে এককভাবে শীর্ষে উঠেন মেসি, পেছনে ফেলেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে।