সব সংবাদ
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি বানচাল করতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের সতর্কতা

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি বানচাল করতে পারেন। আসন্ন ইসরাইলি নির্বাচনের আগে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর অবস্থানের ওপর নির্ভর করছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে সতর্ক করেছে যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি বাস্তবায়নে বড় বাধা তৈরি করতে পারেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে নেতানিয়াহু এমন পদক্ষেপ নিতে পারেন যা ইরানের সঙ্গে সদ্য হওয়া শান্তি সমঝোতাকে দুর্বল করে দিতে পারে। মার্কিন গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ ইসরাইল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন সমঝোতার অন্যতম শর্ত হলো লেবাননে সংঘাতের অবসান। ফলে ইসরাইলের সামরিক তৎপরতা ওই চুক্তির সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠতে পারে। একজন মার্কিন কর্মকর্তা জানান, ইসরাইলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে তিনি কতটা কঠোর অবস্থান নিতে পারেন তার ওপর। গোয়েন্দা প্রতিবেদনে মূল্যায়ন করা হয়েছে, তিনি ইসরাইলি জনগণকে দেখাতে চাইবেন যে লেবানন থেকে সেনা প্রত্যাহার বা হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান কমানোর কোনো ইচ্ছা তার নেই। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে নেতানিয়াহু সরকারের সম্পর্কেও টানাপোড়েন বাড়ছে। যুক্তরাষ্ট্র প্রকাট্যেই ইসরাইলকে সতর্ক করেছে, এমন কোনো সামরিক পদক্ষেপ না নিতে যা ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক প্রক্রিয়াকে ভেস্তে দিতে পারে। গত বুধবার ফ্রান্সে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প স্বীকার করেন, লেবানন ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে তার কিছুটা মতপার্থক্য রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাট্যে ইসরাইলকে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরাইলের সবচেয়ে শক্তিশালী ও কার্যকর মিত্র এবং ওয়াশিংটনের অবস্থানের বিরুদ্ধে যাওয়া ইসরাইলের জন্য কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ হতে পারে।