ত্রিশালে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম কারাগারে
ময়মনসিংহের ত্রিশালায় একটি মসজিদের ইমাম (৪৫) ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একই উপজেলায় আরেক ইমাম ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল।
ময়মনসিংহের ত্রিশালে এক ইমামের বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ ইব্রাহিম (৪৫) উপজেলার একটি মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন। ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলাম মঙ্গলবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত শুক্রবার দুপুরে শিশুটি মসজিদে খাবার নিয়ে গেলে ইমাম তাকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে না জানাতে ভয় দেখান। পরদিন সোমবার শিশুটি বিষয়টি স্বজনদের জানালে স্থানীয়রা মসজিদে গিয়ে ইমামকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন এবং পুলিশে সোপর্দ করা হয়। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকেলে একই উপজেলায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আরেক ইমামকে গ্রেপ্তার করা হয়েছিল।