সব সংবাদ
রাজনীতি

অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত ১৮ জামায়াতপন্থী আইন কর্মকর্তার পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের অধীনে নিয়োগপ্রাপ্ত ১৮ জন রাষ্ট্রীয় আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে তারা এই পদত্যাগ দিয়েছেন বলে জানিয়েছেন।

অন্তর্বর্তী সরকারের অধীনে নিয়োগপ্রাপ্ত ১৮ জন রাষ্ট্রীয় আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। মঙ্গলবার বিকেলে তারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন—আইনজীবী মো. ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভূঁইয়া, তারিকুল ইসলাম ও মো. আসাদ উদ্দিন। এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন—আইনজীবী ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভূঁইয়া, আবদুল্লাহিল মারফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির, রেজাউল ইসলাম ও মো. জাকির হোসেন।

পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম জানান, তারা সকলেই জামায়াতপন্থী আইনজীবী এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগ পেয়েছিলেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা, বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার বিরোধিতা এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের ফলে বিচার বিভাগের স্বাধীনতা সুরক্ষায় গুরুত্বপূর্ণ কিছু ব্যবস্থা দুর্বল হয়েছে। এসব কারণে তিনি বিবেকের তাড়নায় দায়িত্ব পালন অব্যাহত রাখতে অক্ষম বলে মনে করছেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।