সব সংবাদ
জাতীয়

ঢাকায় ৪৪৫টি ভূমিকম্প-সুরক্ষিত আশ্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জানিয়েছেন, ঢাকায় ৪৪৫টি ভূমিকম্প-সহনশীল আশ্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ২৫৬টি এবং উত্তর সিটিতে ১৮৯টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।

সরকার ঢাকায় ৪৪৫টি ভূমিকম্প-সহনশীল আশ্রয়কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। মঙ্গলবার সংসদ অধিবেশনে সদস্য সেলিমুজ্জামান মোল্লার প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগ ঝুঁকি হ্রাসের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৫৬ ও উত্তর সিটি এলাকায় ১৮৯ নিরাপদ আশ্রয়কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। এসব স্থানকে আনুষ্ঠানিকভাবে 'ভূমিকম্প-সহনশীল আশ্রয়কেন্দ্র' হিসেবে ঘোষণার জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও ঢাকা ও আশেপাশের এলাকায় ১ লাখ স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখার জন্য একটি সমন্বিত ভলান্টিয়ার ডেটাবেজ তৈরি করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর, ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে ভূমিকম্প ও সুনামি পর্যবেক্ষণ এবং দ্রুত তথ্য প্রচারের ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভূমিকম্প-সহনশীল অবকাঠামো নিশ্চিত করতে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলার বিষয়টিও কঠোরভাবে জোরদার করা হচ্ছে।