সব সংবাদ
খেলা

মেসির বিতর্কিত গোলে তোলপাড়, বাতিলের দাবি স্মাইকেলের

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচে লিওনেল মেসির প্রথম গোলটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গোলের আগে মিডফিল্ডার আলেক্সিস ম্যাক আলিস্টার অস্ট্রিয়ার খেলোয়াড় শ্লাগারকে ট্যাকল করলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক এবং পিটার স্মাইকেল গোলটি বাতিলের দাবি জানিয়েছেন।

বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে তিনি ইতিহাসে নাম লিখেছেন। তবে তাঁর সাম্প্রতিক ফর্মে কিছুটা কালো দাগ পড়েছে অস্ট্রিয়ার বিপক্ষে করা প্রথম গোলটি নিয়ে।

জে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেসি ৩৮ এবং ৯৫তম মিনিটে গোল করেন। প্রথম গোলটি আসে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার পাস থেকে। কিন্তু গোলের আগে আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক আলিস্টার অস্ট্রিয়ার সাভের শ্লাগারকে ট্যাকল করেন। এই ট্যাকলে শ্লাগার মাটিতে পড়ে গেলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। অস্ট্রিয়ার খেলোয়াড়রা প্রতিবাদ করলেও তা আমলে নেওয়া হয়নি।

ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক। তাঁর মতে, এটি পরিষ্কার ফাউল ছিল এবং ভিএআরের উচিত ছিল হস্তক্ষেপ করা। ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি গোলরক্ষক পিটার স্মাইকেলও ফক্স স্পোর্টসে বলেন, মেসির প্রথম গোলটি বাতিল হওয়া উচিত ছিল। ম্যাক আলিস্টার একজন খেলোয়াড়কে ফেলে দিয়েছিল এবং এটি ফ্রি-কিক হওয়া উচিত ছিল। তিনি রেফারির এই সিদ্ধান্তকে স্পষ্ট ভুল বলেও মন্তব্য করেন।