আর্জেন্টিনা দলে ম্যাচের আগে ক্যান্ডি খাওয়ার রেওয়াজ কেন এত জনপ্রিয়?
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচ শুরুর আগে ক্যান্ডি খাওয়ার একটি অভ্যাস তৈরি করেছেন। কোচ লিওনেল স্কালোনির আমলে এই রেওয়াজ শুরু হয়েছে এবং দলের অনেক খেলোয়াড় এই প্রথা মেনে চলেন।
আর্জেন্টিনার ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের ক্যান্ডি খেতে দেখা যায়। গতকাল অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে লিয়ান্দ্রো পারেদেস ও রদ্রিগো দি পল ক্যান্ডি খাচ্ছিলেন। লিওনেল স্কালোনির কোচিংয়ে এই ক্যান্ডি খাওয়ার প্রথা শুরু হয়েছে। ২০২৩ সালে পারেদেস এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তারা শুধু ক্যান্ডি খান না, বরং নির্দিষ্ট রঙের ক্যান্ডিটাই খেতে হবে। পারেদেস সব সময় সাতটি ক্যান্ডি বেছে নেন, যার মধ্যে চারটি নীল ও তিনটি হলুদ। স্কালোনি নিজেও এই ক্যান্ডির ভক্ত। ম্যাচের আগে যা-ই করুন না কেন, ড্রেসিংরুমে সুগুস ক্যান্ডির ব্যাগ তাঁর জন্য থাকতেই হবে। একবার স্কালোনি বলেছিলেন, 'আমরা যখন লকার রুমে পৌঁছাই, সেখানে ক্যান্ডির একটা ব্যাগ থাকেই। আমার প্রিয় হলো লাল রঙের ক্যান্ডিটা; ম্যাচ শুরু হওয়ার আগে আমি একাই প্রায় ৪০টার মতো লাল ক্যান্ডি খেয়ে ফেলি!' এখন আর্জেন্টিনা দলে সাপোর্ট স্টাফদের যাঁরা কিট ব্যাগের দায়িত্বে থাকেন, তাঁরা আগে নিশ্চিত করেন, ক্যান্ডির বক্স ঠিকঠাক আছে কি না। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগেও পারেদেস ও দি পল যে ক্যান্ডি খেয়েছেন, সেটা নিশ্চিত করেছে আর্জেন্টিনা দৈনিক লা ন্যাসিওনাল। এখন আর্জেন্টিনা দলের মধ্যে এমন ভাবনাও নাকি ঢুকে গেছে যে এই ক্যান্ডি না খেলে ওই ম্যাচে তাদের খারাপ কিছু হবে!