সব সংবাদ
খেলা

মেসিকে বিয়ে করতে চাওয়া ১০০ বছরের সেই বৃদ্ধার গল্প

ডালাসের মাঠে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে ১০০ বছরের এক বৃদ্ধা মেসির ভক্ত হিসেবে প্ল্যাকার্ড নিয়ে হাজির হন। যুক্তরাষ্ট্রের ওহাইওর বাসিন্দা পলিন কানা, যিনি নাতির সঙ্গে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে তারকা হয়ে উঠেছেন।

ডালাসের মাঠে গতকাল রাতে ইতিহাস তৈরি হচ্ছিল। আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে লিওনেল মেসি আরেকটি গোল করেন, নতুন রেকর্ড গড়েন এবং বিশ্বকাপের নতুন মাইলফলক অর্জন করেন। মাঠজুড়ে মেসি ছিলেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছে দূরের মরীচিকার মতো। ঠিক সেই সময় সম্প্রচারকারীরা ক্যামেরা ঘুরিয়ে দিলেন গ্যালারির দিকে। কোটি কোটি দর্শকের মনোযোগ চলে গেল এক বৃদ্ধার দিকে। নীল-সাদা আর্জেন্টিনা জার্সি পরা এক বৃদ্ধা, হাতে প্ল্যাকার্ড যাতে লেখা, 'আমার বয়স ১০০ বছর। আমি মেসির ভক্ত।' বৃদ্ধার নাম পলিন কানা। ইন্টারনেট তাঁকে 'গ্র্যানি স্মিথ' বা 'গ্যাংস্টার গ্র্যানি' নামে চেনে। যুক্তরাষ্ট্রের ওহাইওর বাসিন্দা এই নারী নাতি রস স্মিথের সঙ্গে মজার ভিডিও বানাতে বানাতে সামাজিকযোগাযোগমাধ্যমের তারকা হয়ে উঠেছেন। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির ম্যাচে তাঁর হাতে প্ল্যাকার্ড দেখা গিয়েছিল, 'মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?' পিএসজির বিপক্ষে আরেকটিতে লেখা ছিল, 'মেসি, আমি তোমাকে ভালোবাসি। বয়স তো শুধু একটি সংখ্যা।' মেসি ওয়ার্ম-আপের সময় দূর থেকে তাঁকে দেখে হেসেছিলেন এবং হাত নেড়েছিলেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কানাকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের সবচেয়ে বয়স্ক 'ক্রাউড সার্ফার' হিসেবে। ৯৯ বছর ২৭৪ দিন বয়সে একটি কনসার্টে দর্শকদের হাতের ওপর ভেসে মঞ্চের দিকে এগিয়ে গিয়েছিলেন তিনি। পলিন কানা প্রমাণ দিয়েছেন যে বার্ধক্য কোনো দেয়াল নয়, বরং আরেক ধরনের স্বাধীনতা।