আমিরাতের কাছে ব্রহ্মোস মিসাইল বিক্রির আলোচনা শুরু ভারতের সঙ্গে
সংযুক্ত আরব আমিরাত তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ভারতের তৈরি অত্যাধুনিক অস্ত্র কেনার বিষয়ে আলোচনা শুরু করেছে। এই আলোচনায় ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের পর নিজেদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে নতুন অস্ত্র সংগ্রহের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই লক্ষ্যে ভারতের তৈরি বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় ভারতের ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং আকাশতীর এয়ার ডিফেন্স সিসাটেম বিক্রির সম্ভাবনা রয়েছে। ইউএই ইতোমধ্যে ভারতের একাধিক প্রতিরক্ষা প্রযুক্তিতে আগ্রহ দেখিয়েছে। একটি সূত্র জানায়, আলোচনা প্রাথমিক পর্যায়ে থাকলেও তা দ্রুত এগোচ্ছে।
ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি ব্রহ্মোস বিশ্বের দ্রুততম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলোর একটি। এটি স্থল, আকাশ ও সমুদ্র—তিনটি প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণযোগ্য। অন্যদিকে, আকাশতীর একটি স্বয়ংক্রিয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যা ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড এবং ভারতীয় সেনাবাহিনী যৌথভাবে তৈরি করেছে।
তবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বিক্রির আগে রাশিয়ার অনুমোদন প্রয়োজন হবে কারণ এটি ভারত-রাশিয়ার যৌথ প্রতিরক্ষা প্রযুক্তি। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ এবং ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকদের মতে, ভারত থেকে অস্ত্র কেনা ইউএই'র জন্য কৌশলগতভাবে সুবিধাজনক হতে পারে কারণ এতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্রদের সঙ্গে ভারসাম্য বজায় রাখা সহজ হয়।