সব সংবাদ
জাতীয়

গোসলের সময় নগ্ন ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়ানোর অভিযোগে গ্রেফতার

বগুড়ার গাবতলীতে এক নারীর গোসলের সময় নগ্ন ছবি তোলা এবং সেই ছবি হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রানা মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তিন মাস পর ভিকটিম থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের ধলিরচর গ্রামে গত ৩১ মার্চ দুপুরে প্রতিবেশী এক নারীর গোসলের সময় মোবাইল ফোনে নগ্ন ছবি তোলেন রানা মিয়া। পরে সেই ছবি হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে ছড়িয়ে দেন তিনি। এছাড়াও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করাসহ ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অশ্লীল ছবি সরবরাহ করে ভিকটিমের সামাজিক ও ব্যক্তি মর্যাদা হানি করেন। ঘটনার তিন মাস পর মঙ্গলবার সকালে ভিকটিম গাবতলী মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রানা মিয়ার বিরুদ্ধে মামলা করেন। এরপর দুপুরে পুলিশ তাকে এলাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠায়। গাবতলী থানার ওসি রাকিব হোসেন জানান, অন্য কারো নগ্ন ছবি নিজের মোবাইলে সংরক্ষণ করাও অপরাধ এবং এ ঘটনার ভিকটিমের ছবি যাদের কাছে পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।