সব সংবাদ
আন্তর্জাতিক

বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা ও অবস্থান জোরদার করছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬-এ যোগদান করেছেন। এই সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের উদ্যোগ তুলে ধরা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা ও অবস্থান জোরদার করছেন। মঙ্গলবার চীনের দালিয়ানের সাংগ্রি-লা হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য জানান। তিনি বলেন, সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। ২১ সদস্যের প্রতিনিধি দলে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার ৮ জন রয়েছেন। চীন সরকার প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও মটর শোভাযাত্রার মাধ্যমে বরণ করেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ২০২৬ 'Innovating at Scale' প্রতিপাদ্যে আয়োজিত হচ্ছে। এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের পক্ষে বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী যোগদান করেছেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আলোইস জুইংগি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী 'ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ' সেশনে বক্তব্য রেখেছেন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের নির্বাচনি ইশতেহারভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন-পুনঃখনন, ২৫ কোটি বৃক্ষরোপণ, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনা উন্নয়ন, সবুজ শিল্পের বিকাশে পাট শিল্প ও পরিবেশ বান্ধব ইলেক্ট্রিক ভ্যাহিকেল চালু এবং নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যের কথা উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে একটি নৈশভোজে অংশগ্রহণ করেছেন। এতে দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, গিনি, মন্টিনিগ্রো ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীরা উপস্থিত ছিলেন। আগামীকাল সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 'অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স' অনুষ্ঠিত হবে এবং দুপুরে প্রধানমন্ত্রী বেইজিং যাত্রা করবেন।