ক্ষমতায় বসে বিএনপির আচরণে হতাশ জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপিকে তীক্ষ্ণ সমালোচনা করে বলেছেন, নির্বাচনের সময় তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচারের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে এখন তারা নিজেরাই সেই পথে হাঁটছেন। গত চার মাসে ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের সময় বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত সব হত্যা, গুম ও নির্যাতনের বিচার করবে। কিন্তু ক্ষমতায় বসার পর তাদের সুর পাল্টে গেছে। তিনি বলেন, দীর্ঘ সাড়ে ১৭ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে ছাত্র, শ্রমিক ও যুব জনতার আন্দোলনের মাধ্যমে দুই বছর আগে জাতি মুক্তি পেয়েছিল। সেই সময়ে বিএনপিও নির্যাতিত ছিল। কিন্তু এখন তারা ক্ষমতায় বসে বিচার না করে উল্টো একই পথে হাঁটছেন। গত চার মাসে ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানান তিনি। জামায়াত আমির আরও বলেন, বিএনপি নিজের দলের কর্মীদেরই খুন করেছে। তাদের কোনো দায়বদ্ধতা নেই। এভাবে তারা বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ব্যাংক, বিশ্ববিদ্যালয় ও কলেজে হস্তক্ষেপ করছে, জেলায় জেলায় প্রশাসক বসাচ্ছে। এমনকি খেলার মাঠও তারা দলীয়করণ করেছে। তিনি স্পষ্ট করে বলেন, বিএনপি আবার একদলীয় ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, শরিফ উসমান হাদি হত্যার বিচার কেন ধামাচাপা দেওয়া হচ্ছে? এতদিনে চার্জশিট দেওয়া হয়নি কেন? জামায়াত আমির সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ, দুর্নীতি ও দলীয় শাসনের এই ভাইরাস দূর করতে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে।