সংসদ অধিবেশনই সবার আগে, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার অজুহাতে এড়ানো যাবে না
জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন মন্ত্রীদের অনুপস্থিতি এবং অধিবেশন কক্ষে ছোট ছোট গ্রুপে আলোচনার ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাষ্ট্রীয় যেকোনো কাজের চেয়ে সংসদ অধিবেশন বেশি গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এই অসন্তোষ প্রকাশ করেন। মন্ত্রীরা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার অজুহাতে সংসদ এড়িয়ে যেতে পারবেন না বলে তিনি স্পষ্ট নির্দেশনা দেন। একই সঙ্গে অধিবেশন কক্ষের ভেতরে চার-পাঁচজন মিলে ছোট ছোট গ্রুপে আলোচনা এবং ফ্লোর ক্রসিং বন্ধের কড়া নির্দেশনা দেন তিনি। এদিন রাজশাহী থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের যোগাযোগ নম্বরসহ একটি টেলিফোন সহায়িকা প্রকাশের দাবি জানান। স্পিকার জানান, জাতীয় সংসদ সচিবালয় টেলিফোন সহায়িকা ২০২৬ প্রকাশের কাজ চলমান রয়েছে। পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এবং কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে চাইলে চিফ হুইপ ও স্পিকার তা প্রত্যাখ্যান করেন এবং এসব অপ্রাসঙ্গিক বিষয়ে সংসদের সময় নষ্ট করা উচিত নয় বলে মত দেন। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাজেট অধিবেশন চলাকালীন গুরুত্বপূর্ণ মন্ত্রীদের উপস্থিত না থাকার অভিযোগ তুলে ধরেন।