সব সংবাদ
জাতীয়

দালিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরের যুগান্তকারী লক্ষ্যমাত্রা উপস্থাপন

চীন সফরে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার ড্যাভোস ২০২৬ সম্মেলনে আগামী ৫ বছরের জন্য বেশ কিছু যুগান্তকারী লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম রাষ্ট্রীয় চীন সফরের অংশ হিসেবে লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহরে পৌঁছেছেন। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দালিয়ানের শাংগ্রি-লা হোটেলে এক তাৎপর্যপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডাক্তার জুবায়দা রহমান ২১ সদস্যের একটি সংক্ষিপ্ত প্রতিনিধিদল নিয়ে কুয়ালালামপুর থেকে দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গণপ্রজাতন্ত্রী চীন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাঁকে বরণ করে নেয়। বর্তমানে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত 'সামার ড্যাভোস ২০২৬' সম্মেলন চলছে, যার মূল প্রতিপাদ্য 'ইনোভেটিং অ্যাট স্কেল'। এটি প্রধানমন্ত্রীর প্রথম কোনো আন্তর্জাতিক বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ। সম্মেলনে বাংলাদেশের মূল লক্ষ্য হলো—অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং দেশের অর্থনৈতিক উদারীকরণ ও ডিরেগুলেশনের নীতি তুলে ধরা। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী ড্যাভোসের 'ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ' শীর্ষক সেশনে বক্তব্য প্রদান করেন এবং আগামী ৫ বছরের জন্য যুগান্তকারী লক্ষ্যমাত্রা উপস্থাপন করেন। এই লক্ষ্যমাত্রাগুলো হলো—আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং পুনঃখনন, পদ্মা ও তিস্তা অববাহিকার পানি ব্যবস্থাপনার আধুনিকায়ন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ শিল্পের বিকাশ, পাট শিল্প পুনরুজ্জীবন ও পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকেল চালুকরণ এবং মোট ব্যবহৃত জ্বালানির ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানিতে উন্নীত করা। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুর জন্য গৃহীত এই কার্যক্রম কোনো দেশের জন্য স্রেফ ব্যয় হতে পারে না, বরং এটি অর্থনৈতিক সমৃদ্ধির অংশ। তিনি বৈশ্বিক মঞ্চে জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান। চীনের প্রিমিয়ার লিক ইয়াং-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী একটি বিশেষ নৈশভোজ ও উন্মুক্ত আলোচনা সভায় অংশ নেন, যেখানে সাতটি দেশের সরকার প্রধানগণ উপস্থিত ছিলেন। আগামীকাল বুধবার (২৪ জুন) সকালে প্রধানমন্ত্রী 'অ্যানুয়াল মিটিং অফ দ্য নিউ চ্যাম্পিয়ন্স'-এ যোগ দেবেন এবং দুপুর ২টায় হাই-স্পিড ট্রেনের মাধ্যমে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লিক ইয়াং এবং প্রেসিডেন্টের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।