সব সংবাদ
জাতীয়

তিস্তার পানি বিপৎসীমা ছাড়াল, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে হঠাৎ করে তিস্তা নদীতে পানি বৃদ্ধি শুরু হয়। উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নীলফামারীর ডালিয়া পয়েন্টে সকালে পানি বিপৎসীমার কিছুটা নিচে থাকলেও দুপুরের পর থেকে দ্রুত বাড়তে থাকে এবং বিকাল ৩টায় বিপৎসীমার (৫২.১৫ মিটার) ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সব ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গঙ্গাচরা, মহিপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হয়েছে। তিস্তাপারের শতশত চরের ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা বড় ধরনের বন্যার আশঙ্কা করছেন এবং নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।